রিপাবলিকান দলের হয়ে মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে মুসলমানদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে আহ্বান জানিয়েছিলেন। তার এই বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছে খোদ হোয়াইট হাউজ।
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে আইএস সমর্থক দম্পতির হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনার জের ধরে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, মুসলমানরা আমেরিকানদের ঘৃণা করে। যতদিন আমরা ‘জিহাদে’ বিশ্বাস করা মানুষগুলোকে আমরা বুঝতে পারছি না, যতদিন তাদের থেকে বিপদের আশংকা দূর হচ্ছে না ততদিন তাদের আমেরিকায় প্রবেশ করতে উচিত নয়। তার এই বক্তব্যে সারা বিশ্বের মুসলিমদের ক্ষোভের পাশাপাশি তিনি যে অফিসের দায়িত্ব নিতে চাচ্ছেন সেই হোয়াইট হাউজ থেকেই সমালোচনা করা হয়েছে।
ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক উল্লেখ করে হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট এমএসএনবিসিকে বলেন, আমি মনে করি মি. ট্রাম্প মানুষের ভয়কে ব্যবহার করে তার নির্বাচনী সমর্থন অর্জন করার চেষ্টা করছেন। তিনি আমেরিকাকে খুব নেতিবাচক ভাবে বিভক্ত করার চেষ্টা করছেন। আর্নেস্ট আরো বলেন, ট্রাম্প যা বলছেন তা আমাদের দেশের দেশের প্রতিষ্ঠাকালীন আদর্শের সম্পূর্ণ বিপরীত।
প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা বেন রোডস বলেন, ইসলামিক স্টেট এই যুদ্ধটা আমাদের সঙ্গে ইসলামের যুদ্ধ হিসেবে দেখাতে চায়। আর আমরা যদি মি. ট্রাম্পের ধারণার সঙ্গে একমত পোষণ করি তার অর্থ হবে আমরা আইএস এর ধারণাটিকে সত্য বলে প্রতিষ্ঠা।
এর আগে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন দল থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল তিনি প্রেসিডেন্ট হলে মুসলিমদের আমেরিকায় প্রবেশ করতে দেয়া হবে না যতক্ষণ না দেশের প্রতিনিধিরা বুঝতে পারবে যে ‘আসলে কী হচ্ছে’। এএফপি।
