যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মত সিঙ্গাপুরে একটি পি-৮ পোসাইডন গোয়েন্দা বিমান মোতায়েন করেছে। বিরোধপূর্ণ দক্ষিণ-চীন সাগরে বেইজিংয়ের দ্বীপ গঠনের ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে গোয়েন্দা বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র।
চীনের সঙ্গে ভিয়েতনাম ও ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশের সঙ্গে আঞ্চলিক বিরোধ রয়েছে। ভিয়েতনাম ও ফিলিপাইন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। যুক্তরাষ্ট্র গত অক্টোবরে বিরোধপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জের কাছে একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল। এ প্রেক্ষিতে দেশটির যুক্তি ছিল, এখানে নৌ চলাচলের অধিকার তাদের রয়েছে।
সিঙ্গাপুর ও ওয়াশিংটন এ অঞ্চলে জোরালো মার্কিন সামরিক উপস্থিতির ওপর গুরুত্বারোপ করেছে। যুক্তরাষ্ট্র সোমবার বিমান মোতায়েন করেছে এবং তা ১৪ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সোমবার ওয়াশিংটনে এক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টোন কার্টার ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী ন এং হেন পি-৮ পোসাইডন বিমান মোতায়েনের ঘটনাকে স্বাগত জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বিমান মোতায়েন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশগ্রহণের মাধ্যমে আঞ্চলিক সামরিক কার্যক্রম আরো জোরদার করবে। এছাড়া এটা দুর্যোগের সময় ত্রাণ তৎপরতা ও নৌ নিরাপত্তার ক্ষেত্রে আরো সহায়তা করবে। এএফপি।
