আগামী অর্থবছরের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘আমি যখন প্রথম মন্ত্রী হলাম তখন আমাদের যে বাজেটটা ইনহেরিট করেছিলাম, সেই বাজেটের আয়তন ছিল ৯১-৯২ হাজার কোটি টাকা। গত বছরের বাজেট হয়েছিল ৩ লাখ কোটি টাকা। এই বছরের বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। তার মানে, সারাদেশে সরকারি খাতে খরচ গত বছরের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি হবে।’
অর্থমন্ত্রী এ সময় তার ভাই জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবুল মুমেনকেও উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেন। সিলেট মদন মোহন কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী সিলেটে আসছেন বলেও নিশ্চিত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলার সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।-প্রিয়.কম
