লক্ষ্মীপুরের রামগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে একাধিক প্রার্থী থাকায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ।
সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র বেলাল আহম্মেদ।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এভাবে পৌরসভার ৯নং ওয়ার্ডে ও একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আলেচনা করে জানা গেছে, গত পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের পূর্ণ প্যানাল জয়লাভ করে। এবার সঠিক নেতৃত্বের অভাবে মেয়র ও কাউন্সিলর পদে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী জানান, আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ সাধারণ জনগণ নৌকা প্রতীক ও আমার ব্যক্তিগত ইমেজের পক্ষে কাজ করছে। এর বাহিরে কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না।
বিদ্রোহী প্রার্থী বেলাল আহম্মেদ জানান, সঠিক প্রার্থী না দিলে এই আসনটি হাত ছাড়া হয়ে যাবে। জনগণের প্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি।
