বন্দুক চালানোর প্রশিক্ষণ ছিলো ক্যালিফোর্নিয়ার হামলাকারীদের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৭:২৫
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হামলাকারী দম্পতি বন্দুক চালানোর ব্যাপারে প্রশিক্ষিত ছিলেন। হামলার কয়েক দিন আগে তারা বন্দুকের নিশানা ঠিক রাখার অনুশীলন করেছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা- এফবিআই। 
 
এফবিআইয়ের লস অ্যাঞ্জেলস কার্যালয়ের সহকারী পরিচালক ডেভিড বোওডিচ বলেছেন, তাশফিন মালিক ও সাঈদ ফারুক দম্পতি লস অ্যাঞ্জেলস এলাকার একটি (শ্যুটিং) রেঞ্জে গিয়েছিলেন। 
 
গত সপ্তাহের ওই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। তবে হামলার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সরাসরি জড়িত থাকার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানান বোওডিচ। তদন্তকারীরা বলেন, ওই দম্পতির ঘরে ১৯টি পাইপ পাওয়া গেছে, যেগুলো বোমা তৈরির কাজে লাগে। এর আগে অবশ্য তারা ১২টি পাইপ পাওয়ার কথা বলেছিল। 
 
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, হামলার কয়েক দিন আগে সৌদি আরব থেকে প্রায় দুই সপ্তাহের ভ্রমণ শেষে তাশফিনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন ফারুক। এদিকে ফারুকের বাবা ইতালির একটি সংবাদপত্রকে বলেছেন, তার ছেলে আইএসের প্রতি সহানুভূতিশীল ছিলেন। 
IMG0
তাদের পরিবারের আইনজীবী জানান, ফরুক সম্প্রতি তাদের বলেছিলেন যে, তার দাড়ি নিয়ে সহকর্মীরা হাস্যরসাত্মক মন্তব্য করতো। ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনোতে গত বুধবার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে রক্তক্ষয়ী হামলায় ১৪ জন নিহত এবং ২১ জন আহত হন। 
 
স্থানীয় সময় বেলা ১১টার দিকে হঠাৎ করেই সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত দুই ব্যক্তি গুলি করতে করতে ভবনটিতে ঢুকে পড়ে। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী দম্পতি সাঈদ ফারুক এবং তাশফিন মালিক। 
 
তাদের ভাড়া করা গাড়িতে দুটি রাইফেল, দুটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ও এক হাজার ৬০০টি গুলি পাওয়া যায়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, বেশকিছু পাইপ ও সাড়ে চার হাজার রাউন্ড গুলিরও সন্ধান পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র: বিবিসি