সোনিয়া ও রাহুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৯
ভারতে সংবাদপত্রের সম্পদ অবৈধভাবে জব্দ করার অভিযোগে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এ আদেশ দেয়।
 
হাইকোর্ট আদালতে হাজির না থাকার অনুমতি চেয়ে কংগ্রেস নেতাদের করা আবেদন খারিজ করে দেয়। রায়ে দুই নেতাকে আগামী ১৯ নভেম্বর জেলা আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
 
এদিকে আদালতের এ আদেশে বিপর্যস্ত হয়ে পড়েছেন এমন কথা অস্বীকার করে কংগ্রেস সভাপতি বলেন, আমি কেন মর্মাহত হব? আমি আমার বন্ধুদের বলেছি, আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, কাউকেই ভয় করে না। 
 
২০০৮ সালে ‘দি ন্যাশনাল হেরাল্ড’ নামে একটি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় তত্কালীন ক্ষমতাসীন দল কংগ্রেস। এর দুবছর পর ২০১০ সালে সরকার পত্রিকাটি নিয়ে নেয়। এর বিরুদ্ধে মামলা দায়ের করে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা সুব্রামানিয়াম স্বামী।
 
মামলা দায়েরকারী সুব্রামানিয়াম বলেন, গান্ধী পরিবার নিজেদের সম্পদ মনে করে পত্রিকাটি হস্তগত করেছে। কংগ্রেস নেতারা কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন। কিন্তু স্বামী বলেন, নেতারা দলীয় তহবিলের অর্থ দিয়ে পত্রিকার সম্পদ অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন।
 
১৯৩৮ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এ পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। আর এটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ঐ পদক্ষেপ নেয়া হয়েছিল বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সূত্র: বিবিসি