জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নয়টি ট্রাকে রহস্যজনক অগ্নিকাণ্ড হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আদালতের নির্দেশে যমুনা সার কারখানার সিবিএ নির্বাচন স্থগিত হওয়ায় কারখানা এলাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে একটি মহল রাতের অন্ধকারে ট্রাকে অগ্নিকাণ্ড ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে।
ট্রাক চালক লিটন মিয়া জানান, টার্মিনালে প্রতি রাতে সারিবদ্ধভাবে পাঁচ শতাধিক ট্রাক দাঁড় করানো থাকে। সময়মতো আগুন নিয়ন্ত্রন করতে না পারলে অধিকাংশ ট্রাকই পুড়ে ছাই হয়ে যেত।
তারাকান্দি পুলিশ তদন্ত-কেন্দ্রের ইনচার্জ এসআই সাহেদ আল মামুন বলেন, ‘অগ্নিকান্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। তবে শ্রমিকদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে। এ নিয়ে এখনো কোন মামলা হয়নি।’
এ নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
