চট্টগ্রামে নীলসাগর গ্রুপ মিনি স্কাই ম্যারাথন শুক্রবার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৩২
 
আগামী ১৯ ডিসেম্বর বান্দরবানে ‘নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর অংশ হিসেবে আগামী ১১ ডিসেম্বর  শুক্রবার চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘নীলসাগর গ্রুপ চট্টগ্রাম মিনি স্কাই ম্যারাথন’।
 
এতে চট্টগ্রামের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ করপোরেট প্রতিষ্ঠানের কর্মজীবীরা অংশ নিচ্ছেন। ইতিমধ্যে প্রায় দুইশ ম্যারাথন রানার এতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। দৌড়বিদ এবং স্বেচ্ছাসেবীদের রেজিস্ট্রেশনের জন্য  ০১৭১৩১৮৫৪৩৩ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
 
নীলসাগর গ্রুপ চট্টগ্রাম মিনি স্কাই ম্যারাথনটি ডিসি হিলে সকাল ৭টায় শুরু হয়ে লাভ লেন মোড়, নেভাল অ্যাভিনিউ, এমএ আজিজ স্টেডিয়াম, সিআরবি সাতরাস্তা, পোলো গ্রাউন্ড, টাইগার পাস, দেওয়ানহাট, চৌমুহনী, হোটেল আগ্রাবাদ, পূবালী ব্যাংক আগ্রাবাদ ব্রাঞ্চ মোড়, আগ্রাবাদ মোড়, চৌমুহনী, দেওয়ানহাট, টাইগার পাস, সিআরবি মোড়, সিআরবি সাতরাস্তা, হল টুয়েন্টিফোর, র‌্যাডিসন মোড়, কাজির দেউরি, নেভাল এভিনিউ, লাভ লেন মোড় হয়ে ফের ডিসি হিলে শেষ হবে।
 
এই ১০ কিলোমিটার পথ ম্যারাথন রানারদের ১ ঘণ্টা ২০ মিনিটে শেষ করতে হবে। সফলভাবে ম্যারাথন সম্পন্নকারীদের সনদ, প্রথম ১০ জন মেডেল এবং প্রথম তিনজন পুরস্কার পাবেন। আর প্রথম ১০ জন আগামী ১৯ ডিসেম্বর বান্দরবানে অনুষ্ঠিতব্য নীলসাগর গ্রুপ স্কাই ম্যারাথনে অংশ নেয়ার সুযোগ পাবেন।
 
সকাল ৯টায় ডিসি হিলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, জেলা প্রশাসক মেসবাহ উদ্দীন, সিএমপি কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বিপিএম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ প্রমুখ উপস্থিত থাকবেন।
 
দেশের স্বনামধন্য অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চারের আয়োজনে এই স্কাই ম্যারাথনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিপিএলের বরিশাল বুলসের অন্যতম কর্ণধার নীলসাগর গ্রুপ যুক্ত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এই ম্যারাথনে সহযোগিতা করছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এ ছাড়া চট্টগ্রাম মিনি ম্যারাথন আয়োজনে সহায়তা করছে সুপ্রভাত বাংলাদেশ, যুগান্তর স্বজন সমাবেশ, ফুলকি এবং লিভিং উইথ ফরেস্ট সংগঠন। সেই সঙ্গে সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে মিনিস্টার ইলেক্ট্রনিক্স, গোল্ডেনলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ম্যাক্স গ্রুপ।
 
এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক। এই স্কাই ম্যারাথন ইভেন্টে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে দি বাংলাদেশ মনিটর, মেকার, শিশুকিশোর মাসিক ম্যাগাজিন টইটম্বুর এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করছে টপ অব দি ওয়ার্ল্ড।