রিয়াদে বৈঠকে বসছে সিরিয়ার বিদ্রোহী উপদলগুলো

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৩২
যুদ্ধকবলিত সিরিয়ার সরকারবিরোধী রাজনৈতিক ও বিদ্রোহী উপদলগুলো মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে মিলিত হচ্ছেন। সিরিয়া নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর আগে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই বৈঠক করছে তারা। দেশটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রাক্কালে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
 
সরকারের সঙ্গে আসন্ন আলোচনার আগে দল-উপদলে বিভক্ত বিরোধীপক্ষের একটি সাধারণ রাজনৈতিক অবস্থান তৈরি করাই রিয়াদের ওই বৈঠকটির উদ্দেশ্য। ভিয়েনার বৈঠকে বিশ্ব শক্তিগুলো জানুয়ারির মধ্যে সিরীয় সরকারের সঙ্গে বিরোধীদের একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু করার বিষয়ে মত দেয়। কিন্তু সিরিয়ার বিভিন্ন সরকারবিরোধী দল-উপদলগুলোর দলাদলি ও সংঘাত কূটনীতিকে বাধাগ্রস্ত করছে। 
 
প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ও ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী ইরান রিয়াদের বৈঠকের বিষয়ে আপত্তি তুলেছে। এই বৈঠকের কারণে ভিয়েনা আলোচনা ব্যর্থ হতে পারে বলে সতর্ক করেছে দেশটি।
 
ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) বেশ কয়েকটি উপদলে রিয়াদের বৈঠকে উপস্থিত হওয়ার কথা। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া গ্রুপগুলোও রয়েছে। সিরিয়ার উত্তরাংশের বেশ বড় একটি এলাকার নিয়ন্ত্রণকারী একটি কুর্দি গোষ্ঠী, যারা মার্কিন সাহায্য নিয়ে আইএসের বিরুদ্ধ লড়ছে, তাদের রিয়াদের বৈঠকে ডাকা হয়নি বলে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র: বিবিসি