সুন্দরবনে ৪০ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৩
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে জলদস্যুরা কমপক্ষে ৪০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। অপহৃতরা কাঁকড়া আহরণকারী জেলে।
 
সোমবার সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত বনদস্যু নয়ন বাহিনী শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের তিনটি পয়েন্টে হানা দিয়ে ওইসব জেলেকে অপহরণ করে। প্রত্যেক জেলের মুক্তিপণ ৫০ হাজার টাকা হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
 
দস্যুদের কবল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে মহাজনরা এ তথ্য জানান। অপহৃতদের মধ্যে ছয় জেলের নাম জানা গেছে। এরা হলেন, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তুহিন হাওলাদার (১৮), ইয়াছিন হাওলাদার (২০), আলতাফ হাওলাদার (৩৫), দক্ষিণ রাজাপুর গ্রামের নাঈম হোসেন (২২), আকাব্বর আলী (৩৮) ও আলামীন হাওলাদার (২৭)। তাৎক্ষণিকভাবে অন্য জেলেদের নাম জানাতে না পারলেও তাদের বাড়ি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন মহাজনরা। 
 
শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) একেএম ইউসুফ আলম ও ধানসাগর স্টেশনের ফরেস্টার  মিজানুর রহমান জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া বলেন, ‘অপহরণের বিষয়টি মহাজনদের মাধ্যমে তিনি জেনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।’