জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ দীর্ঘ প্রতীক্ষিত ছিটমহল বিনিময়কে বাস্তবে রূপায়ন করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। দিনহাতাতে নিজের পূর্বপুরুষের বাড়ি সফর করতে এরশাদ এখন ভারতে আছেন।
ভারতীয় পার্লামেন্ট যেভাবে ছিটমহল বিনিময় প্রস্তাব পাশ করেছে সেটা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এটা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্পর্শ করেছে। এমন উদ্যোগ সম্ভব হয়েছে কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে।
চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে গত জুলাই মাসের ৩১ তারিখ ঐতিহাসিক সীমান্ত চুক্তি অনুসারে ছিটমহল বিনিময় শুরু করে ভারত ও বাংলাদেশ। ভারতের সীমান্তে বাংলাদেশের ৫১ টি ছিটমহল ছিল যার পরিমাণ ৭,১১০ একর যেখানে মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত হয়ে বসবাস করে আসছিল। আর বাংলাদেশের মাটিতে ভারতের ছিটমহল ১১১ টি, যার পরিমাণ ১৭,১০০ একর।
এরশাদ গতকাল কুচ বিহার জেলার চাংড়াবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। পরিবারের সদস্য ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে তিনি দিনহাতাতে অবস্থিত তার পৈত্রিক নিবাসে যাবেন। পিটিআই।
