সমঝোতার ভিত্তিতে হোমস ছাড়ছে সিরীয় বিদ্রোহীরা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৬:১৪
সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীরা সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমস ছেড়ে যাচ্ছে। এই সমঝোতার ফলে পুরো শহরটি বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আসবে।
 
সিরিয়ান হিউম্যান রাইটস অবজারভেটরির বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি। হোমস শহরকে বিদ্রোহের রাজধানী হিসেবে আখ্যায়িত করা হতো এবং ২০১১ সালে  এখানেই বাশারের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে উঠেছিল। 
 
আজ বুধবার প্রায় ৮০০ জন বিদ্রোহী যোদ্ধা হোমস ছাড়বেন। জাতিসংঘ উদ্যোগে করা চুক্তির পর অঞ্চলটিতে প্রথমবারের মতো ত্রাণসামগ্রী পৌঁছেছে।  প্রায় দুই বছর ধরে বিচ্ছিন্ন ভাবে চলা আলোচনার পরে এই অস্ত্র বিরতির চুক্তি হলো। চুক্তির আগে সিরীয় কর্তৃপক্ষ ৩৫ জন বিদ্রোহী যোদ্ধাকে মুক্তি দেয়। হোমসের এক বাসিন্দা বলেছেন, আমরা সব সময় ভালোটাই চাই। নিরাপত্তা থেকে বেশি কিছু আর আমরা কী চাইতে পারি?
 
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে হোমস শহরে আসাদবিরোধীদের প্রথম প্রতিবাদ সমাবেশ হয়েছিল। ২০১২ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান শুরু হলে প্রায় ১৫ লক্ষ অধিবাসীর এই শহরের নাগরিকরা অবরুদ্ধ হয়ে পড়েন।