রাজধানীর মোহম্মদপুরে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
১৯৯৬ সালে ৭ মে মোহাম্মদপুরে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন তার স্ত্রী রাশিদা পারভীন একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ২০০৪ সালের নিম্ন আদালত জোসেফ ও মাসুদ রহমানকে ফাঁসির আদেশ দেয়। এছাড়া বাকি তিন আসামি কাবিল সরকার, আনিস আহমেদ ও হাবিল আহমেদকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
হাইকোর্টে আপিল করা হলে জোসেফের মৃত্যুদণ্ড বহাল ও মাসুদকে খালাস দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জোসেফ। আপিলের শুনানি শেষে জোসেফের মৃতুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
আসামি পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসনে ও অ্যাডভোকেট এস এম শাহজাহান শুনানি করেন।
