কনসার্ট চলাকালে ১৩ নভেম্বর প্যারিসের বাতাক্লা হলে হামলা চালায় সন্ত্রাসীরা। প্রাণ হারায় প্রায় একশ মানুষ। এই হামলা চলাকালে সেখানে পারফর্ম করছিলেন মার্কিন রক ব্যান্ড ঈগলস অফ ডেথ মেটাল। ঘটনার প্রায় এক মাস পর সেখানে ফিরে সেই ভয়াবহ দিনটির কথা স্মরণ করলো ব্যান্ডটি।
৮ ডিসেম্বর বাতাক্লা পরিদর্শনে গিয়েছিল ঈগলস অফ ডেথ মেটালের সদস্যরা। ১৩ নভেম্বর তাদের কনসার্ট চলাকালীন জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন ৮৯ জন মানুষ। ব্যান্ডের ফ্রন্টম্যান জেসি হিউসের নেতৃত্বে বাতাক্লার সামনে নিহতদের স্মরণে ফুল রেখে যান দলটির সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে একে অপরকে আলিঙ্গন করে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই রক ব্যান্ডটি প্যারিসে আবারো গান গান গেয়েছে সেদিন। একটি কনসার্টে আইরিশ ব্যান্ড ইউটুর সঙ্গে পারফর্ম করেন তারা।
উল্লেখ্য, ১৩ নভেম্বর প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে হামলা চালায় ইসলামিক স্টেট নামের জঙ্গি সংগঠন। এতে মারা যান ১৩০ জন। বিডি নিউজ।
