তৃতীয় সিক্যুয়াল নিয়ে এবারও বলিউডের বক্স অফিসে হিট 'হেট স্টোরি'। '১৮+' তকমা নিয়ে বলিউডের সেন্সর অফিস থেকে মুক্তি পাওয়া ইরটিক থ্রিলার ধাঁচের সিনেমাটি সমালোচকদের হতাশ করলেও মাতিয়েছে দর্শকদের।
ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির চার দিনের মধ্যে ভারতের বাজারে ৩১ কোটি ২২ লাখ রুপি আয় করেছে 'হেট স্টোরি থ্রি'। সোমবার কার্যদিবসেও ৪ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। ৪ ডিসেম্বর শুক্রবার মুক্তি পেয়ে ৯ কোটি ৭২ লাখ রুপি আয় করে ‘হেট স্টোরি থ্রি’।
মাত্র ৬ কোটি ৫০ লাখ রুপি বাজেট নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল পান্ডা। প্রচারের কাজে সিনেমাটির পেছনে খরচ হয়েছে আরো ৬ কোটি ৭০ লাখ। নির্মাণ ও প্রচারের পুরো খরচই ইতোমধ্যেই তুলে ফেলতে পেরেছেন প্রযোজকরা।
'হেট স্টোরি'র তৃতীয় পর্বের সাফল্যের পর 'হেট স্টোরি ফোর' নির্মাণের ঘোষণাও দিয়ে দিয়েছেন পরিচালক। 'হেট স্টোরি থ্রি'তে অভিনয় করেছেন জেরিন খান, শারমান জোশি, ডেইজি শাহ ও কারান সিং গ্রোভার।
