পাকিস্তানের অভ্যন্তরীণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান রেহমান মালিক অভিযোগ করে বলেছেন, পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ভারত। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একমাত্র বাধা ভারত। মঙ্গলবার কমিটির এক সভায় তিনি একথা বলেন। —খবর ডন অনলাইনের।
রেহমান মালিক বলেন, ভারতের নেতৃত্ব এবং গোয়েন্দা সংস্থাগুলো কখনোই চায় না পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ভালো সম্পর্ক গড়ে উঠুক। তারা চান না দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশের বিরাজমান সমস্যার সমাধান হোক।
তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে অবস্থান করছেন। রেহমান মালিক বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে। ভারতের এসব হস্তক্ষেপের বিষয়সমূহ সফররত মন্ত্রীর কাছে প্রমাণসহ উপস্থাপন করা উচিত। পাকিস্তান এবং আফগানিস্তান দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। কিন্তু যখনই কোনো দুই দেশের মধ্যে আলোচনার দরকার হয়, তাতে এসে সমস্যার সৃষ্টি করে ভারত।
তিনি বলেন, এ অঞ্চলের স্বার্থেই শান্তিপূর্ণ আফগানিস্তান চাইলে অবশ্যই শান্তিপূর্ণ পাকিস্তান জরুরি। কেননা এর মধ্যেই লুকিয়ে রয়েছে সকল সমস্যার সমাধান। সভায় আরো উপস্থিত ছিলেন সিনেটর সাহি সায়েদ, তাহির হোসেন মাসাদি প্রমুখ।
