৫ মাসে এডিপির মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৭
 
চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্য, প্রথম তিন মাসে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়ন কাজ বিঘ্নিত হয়েছে। আর এই কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও ধীরে হয়েছে।
 
বুধবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উল্লেখ্য, গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিলো ২০ শতাংশ, তার আগের বছর ছিলো ১৯ শতাংশ। সে হিসেবে তিন বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হয়েছে এডিপি। পরিকল্পনামন্ত্রী আশাপ্রকাশ করেন, জানুয়ারি থেকে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। প্রতিবছর টাকার অংকে এডিপির আকার বৃদ্ধি ফলে ব্যয়ের আকারও বেড়েছে। পাঁচ মাসে এডিপির ১৬হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে।
 
৯৭ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে চলতি অর্থবছ যাত্রা শুরু হয়। এর বাইরে স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন রয়েছে তিন হাজার ৯৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ।সবমিলিয়ে উন্নয়ন কাজে মোট ব্যয়ের লক্ষ্য এক লাখ ৯৯৭ কোটি টাকা।
বরাদ্দের শীর্ষে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর ৫ মাসের এডিপি বাস্তবায়ন চিত্রে দেখা যায়, বিদ্যুত্ বিভাগ বাস্তবায়ন করেছে ১৮ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ২৭ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১৪ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ১৩ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় ১৬ শতাংশ, সেতু বিভাগ ১৩ শতাংশ, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় ২১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ১৭ শতাংশ, কৃষি মন্ত্রণালয় ২৫ শতাংশ।
 
গত পাঁচ মাসে অভ্যন্তরীণ সম্পদ ব্যয় হয়েছে ১১৫৮৩ কোটি টাকা যা মোট বরাদ্দের ১৯ শতাংশ। অন্যদিকে প্রকল্প সাহায্য ব্যবহার হয়েছে ৪৬৮৪ কোটি টাকা যা বরাদ্দের ১৪ শতাংশ। মূলত প্রকল্প সাহায্য ব্যবহার গত দুই বছরের তুলনায় কমেছে। ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থবছরে প্রকল্প সহায়র অর্থ ব্যায় হয়েছে যথাক্রমে বরাদ্দের ১৭ ও ২১ শতাংশ।