স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনার ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ ও ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা দু’দেশের স্থল সীমান্ত চুক্তিসহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো সমাধানে দু’দেশের সংসদের ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, দু’দেশের সংসদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে এবং সংসদে দু’দেশের জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায় উভয় দেশের জনগণ আনন্দিত।


ভারতের হাইকমিশনার দু’দেশের দ্বি-পাক্ষিক বিষয়গুলোর সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। স্পিকার দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সমস্যাগুলোর সমাধানে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। দু’দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরো জোরদার হচ্ছে।


ভারতের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক খুবই চমতকার উল্লেখ করে স্পিকার বলেন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগসহ সকল উন্নয়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে ভারত যে অবদান রাখছে সেজন্যও তিনি ভারতকে ধন্যবাদ জানান।


স্পিকার আরো বলেন, ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের এবং তা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশও এক্ষেত্রে উন্নতি সাধন করছে। বাংলাদেশ ও ভারতের পাস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।


পরে ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা দ্বি-পাক্ষিক সম্পর্ক, উভয় দেশের সংসদীয় কার্যক্রম প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। বাসস