দেশে কারাগারের ভেতর ও বাইরে একই পরিবেশ বিরাজ করছে এমনই মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। গত ৩১ জানুয়ারি পুলিশ তাকে আটক করার পর গত সোমবার জামিনে মুক্তি পান তিনি।
কারামুক্তির পর বুধবার বিকেল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন রিজভী আহমেদ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কারাগারে ভেতরে থেকেও যেমন কারো সঙ্গে কথা বলা যায় না। তেমনই বাইরেও কারো সঙ্গে কথা বলা যায় না। পুরো দেশটাই বন্দিশালায় পরিণত হয়েছে। দেশে একটি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। সরকার অবৈধ, তাই তারা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে।
যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপি শতকরা ৯৫ ভাগ আসনে জয়লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, এটা জানতে পেরেই সরকার দমন পীড়ন চালাচ্ছে। তিনি সরকারের প্রতি নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানান।
এদিকে রিজভী আহমেদকে স্বাগত জানাতে নয়াপল্টনে বুধবার দুপুরে শত শত নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন, শিরীন সুলতানা প্রমুখ।
উল্লেখ, গত ৩ জানুয়ারি রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে বসুন্ধারা অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তিনি কাউকে কিছু না বলেই চলে যান। তারপর তিনি বেশ কিছুদিন আত্মগোপনে থেকেই দলের দায়িত্ব পালন করেন।
গত ৩১ জানুয়ারি রিজভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। দীর্ঘ এক মাস কারাভোগের পর গত ৭ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে রিজভী আহমেদ মুক্ত হন। ফোকাস বাংলা।
