দেশে মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে: খালেদা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২০:০৮

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে। ‘এই অবস্থা’ থেকে উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন।


বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-পীড়নের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর এদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে।


‘কেবল তাই নয়, ক্ষমতাসীনরা সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে মনে হয়, ৩৬৫ দিনই এদেশের কোথাও না কোথাও মানুষের মানবাধিকার হরণ করা হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে’।


দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছেন অভিযোগ করে খালেদা বলেন, ‘শুধু বিরোধী দলের নেতা-কর্মীরা নন, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, ছাত্র, শ্রমিক, নারী, শিশুসহ কারও কোনো নিরাপত্তা নেই। এদের অধিকাংশই গুম ও গুপ্ত হত্যা এবং বিচারবর্হিভূত হত্যার শিকার হচ্ছেন’।


দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক ও মানবিক অধিকারহারা নির্যাতিত মানুষদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়।


বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশে নৈরাজ্যকর দুঃশাসনের ছোবল থেকে মুক্তি পেতে হলে আমাদের এই মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে’।