চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে বলিউডে নির্মাণাধীন আলোচিত দুটি ছবি ‘বাজিরাও মাস্তানি’ ও ‘দিলওয়ালে’। ছবি দু’টির অভিনয়শিল্পী নির্বাচন থেকে শুরূ করে শুটিং, ট্রেলার, কিংবা এর আইটেম গান সবই ছিল আলোচনা-সমালোচনার বিষয়। একই দিনে ছবি দু’টি মুক্তি দেওয়া নিয়ে যেন তেলে বেগুনে এক হয়ে উঠেছে বলিপাড়া।
কার ছবি সবচেয়ে বেশি ব্যবসা সফল হবে সঞ্জয় লীলা বানশালির ‘বাজিরাও মাস্তানি’ না শাহরুখ খানের ‘দিলওয়ালে’। একই দিনে মুক্তি পাওয়া দু’টো ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করবে?
ডিস্ট্রিবিউটর ও এক্সিবিটর রমেশ সিপ্পি রিলিজের প্রথম দিনের কালেকশন সম্পর্কে বলেন, ‘প্রথম দিনে ৪৩ থেকে ৪৫ কোটি ওঠার সম্ভাবনা থাকছে। যদিও ‘দিলওয়ালে’র স্কোর কার্ডটা বেশি জ্বলজ্বল করবে’।
কথায় কথায় তিনি আরও জানান, ‘তিরিশের নীচের দর্শকরা ‘দিলওয়ালে’কেই বেশি স্কোর দেবেন। আর তিরিশোর্ধ্বরা বেশি দেখতে যাবেন ‘বাজিরাও মস্তানি’। তবে বাকি দিনগুলোয় ছবিগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে দুই ছবির মেরিটের ওপর’।
