আলাদা থাকি, বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা: বাঁধন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২১:৪৮
 
লাক্স চ্যানেল আই সুপারস্টার বাঁধন। পুরো নাম আজমেরী হক বাঁধন। সে বছর প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে তিনি অন্য সবাইকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন তার অভিনয় প্রতিভার জোরে। তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন টিভি নাটক ও বিজ্ঞাপনে।
 
কিন্তু হঠাৎ করে ভাটা পড়ে তার ক্যারিয়ারে। কারণ হুট করে বিয়ে করে সংসারী হয়ে ওঠেন বাঁধন। আর সেই সাথে ঘোষণা দিয়ে অভিনয় থেকে সরে গিয়েছিলেন শুধুমাত্র স্বামী আর সংসারের জন্য। বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নেন। কন্যা সন্তান মিশেলের জন্মের পর বাঁধনের সকল ব্যস্ততা তৈরি হয় তাকে ঘিরেই। খাঁটি বাঙালি গৃহবধূ বলতে যা বোঝায় তাই হতে চেয়েছিলেন বাঁধন।
 
হঠাৎ তার ক্যারিয়ারের মতো ভাটা পরেছে তার সংসার জীবনেও। নিজের সংসার গোছানোর জন্য তিনি তার ক্যারিয়ার বিসর্জন দিলেও শেষ পর্যন্ত তিনি তার সাংসারিক স্বপ্নগুলো সত্যি করতে পারেননি। সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও বাঁধন তার সংসার ভাঙার ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে বাঁধন বলেন, ‘বিচ্ছেদের বিষয়টি বলতে গেলে বিগত দেড় বছর যাবত আমার স্বামীর থেকে আলাদা আছি। চার বছর যাবত আমি আমার বাবার বাসায় আছি। একমাত্র সন্তানের লেখাপড়া আর নিজের খরচ আমি নিজেই জোগাড় করছি। আর এটাকে যদি আলাদা থাকা বলে তবে আমি বলবো এটা নতুন কোনো সংবাদ নয়, আমি অনেকদিন ধরেই আলাদা আছি।’
 
ঠিক কি কারণে বা এ বিষয়ে আইনগত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি-না সে বিষয়ে বাঁধন বলেন, ‘আমরা অনেক আগে থেকেই আলাদা থাকি, বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। তবে সে বিষয়ে কথা চলছে, চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আমি আপনাদের জানাবো। এই মুহূর্তে আমি এর চেয়ে বেশিকিছু আপনাদের বলতে পারবো না। সময় হলে সব কথাই আপনারা জানতে পারবেন।’
 
উল্লেখ্য, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যবসায়ী সনেটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাঁধন।