‘সব সময় আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২২:৩২

আগামীকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ৬৭ তম দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সব সময় আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা’। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেছেন।


সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, মানব বন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।


বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন আগামীকাল সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরিফিন সিদ্দিক। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এ উপলক্ষে কাল সকাল দশটায় জাতীয় প্রেসক্লাব লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।


বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা জাতীয় শহীদ মিনার থেকে বের হবে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে। এখানে অনুষ্ঠিত হবে মানব বন্ধন। ‘আমাদের আইন’ এ উপলক্ষে দুপুরে মৈত্রী মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করেছে।


নগর দরিদ্র ও বস্তিবাসী উন্নয়ন সংস্থা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাখালী বৈশাখী টেলিভিশনের মূল রাস্তার সামনে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে।


এছাড়াও বাংলাদেশ লেবার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, সেভ হিউম্যান পীস অর্গানাইজেশন বাংলাদেশ পৃথক কর্মসূচির মধ্যদিয়ে  মানবাধিকার দিবস পালন করবে।