অস্থায়ীভিত্তিতে (ক্যাজুয়াল) কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ী করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিমান শ্রমিক লীগ। বৃহস্পতিবার সকালে কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’র সামনে স্থায়ী চাকরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সমাবেশে সংগঠনের সভাপতি মুশিকুর রহমান এই ঘোষণা দেন।
তিনি বলেন, 'আজকের বোর্ড সভায় বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের স্থায়ী করার বিষয়টি চূড়ান্ত করে ১৬ তারিখের মধ্যে তা শ্রমিকদের জানাতে হবে। অন্যথায় এ সময়ের পর বলাকায় বিমানের কোনো বোর্ড সভা করতে দেওয়া হবে না।'
বর্তমানে বিমানবন্দরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন ১ হাজার ৪৩১ জন শ্রমিক।
এ সময় বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং দেশি-বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রতিহত করার কথাও বলেন মুশিকুর রহমান। তিনি বলেন, 'গ্রাউন্ড হ্যান্ডেলিং জয়েন্ট ভেঞ্চারে দেওয়ার কথা চলছে। সরকার নাকি এতে সমর্থন দিয়েছে। আমরা শ্রমিক লীগ সরকার সমর্থক। আমরা বলছি, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং দেশি-বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না।'
বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে 'যৌথ ব্যবস্থাপনায়' গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, 'যৌথ ব্যবস্থাপনায়' গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা শুরু করতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে প্রস্তাব চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিডি নিউজ।
