নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ট্রাম্প

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৬

মুসলিমবিদ্বেষী মন্তব্য নিয়ে বিশ্বব্যাপী কঠোরভাবে সমালোচিত হলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার ট্রাম্প বলেন, যে যা-ই বলুক না কেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।


সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে গত সোমবার এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে সাময়িকভাবে হলেও যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। ওই বক্তব্যের জন্য তিনি বিশ্বে সমালোচিত হয়েছেন। তাঁকে ‘বিকৃত মস্তিষ্কসম্পন্ন’ আখ্যা দিয়েছেন দলের আরেক মনোনয়নপ্রার্থী ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। হোয়াইট হাউস এবং মুসলিম নেতাদের পক্ষ থেকেও ট্রাম্পের ওই বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেন, ট্রাম্পের ওই মন্তব্য রিপাবলিকান পার্টির আদর্শবিরোধী।


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হুঁশিয়ার করেছে, রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী মন্তব্য দেশটির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এটি দেশটির জাতীয় নিরাপত্তাকে খর্ব করেছে। পেন্টাগন বলেছে, এই মন্তব্য ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণাকে উসকে দেবে।


হোয়াইট হাউস বলেছে, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে বক্তব্য দেওয়ায় প্রমাণ হয় যে ট্রাম্প নির্বাচনের জন্য অযোগ্য। তবে এসব সমালোচনায় একটুও বিচলিত নন ট্রাম্প। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, রিপাবলিকান দল ছেড়ে এককভাবে নির্বাচন করলেও তাঁর পক্ষে ৬৮ শতাংশ সমর্থন থাকবে। রিপাবলিকান দল নিউইয়র্কের এক ব্যবসায়ীকে ট্রাম্পের বিকল্প হিসেবে মনোনয়ন দিতে পারে।


বিতর্কিত বক্তব্যের পরও ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি রিপাবলিকান দল তাঁকে যথাযথভাবে মূল্যায়ন না করে, তাহলে তিনি সরে দাঁড়াবেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া ওই সাক্ষাতকারে ট্রাম্প বলেন, তিনি জীবনে সব সময় জিতেছেন। কখনো হারেননি।


রিপাবলিকান দলের নেতাদের আশঙ্কা, ট্রাম্পকে নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের সুবিধা তৃতীয় কোনো পক্ষ নিতে পারে। এতে ডেমোক্র্যাটরাও বাড়তি সুবিধা পেতে পারেন। সূত্র: বিবিসি