শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের বিজ্ঞানের প্রতিভার বিকাশ ঘটাতে রাজধানীতে সপ্তাহব্যাপী সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। শাহবাগস্থ গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) প্রাঙ্গনে ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।
'মিস্টার নুডলস'র পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী এ আয়োজন করছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি। শুক্রবার সকাল ১১টায় শুরু অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষাবিদ ড. মুুহম্মদ জাফর ইকবাল। এ ছাড়া গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, অধ্যাপক মোহিত কামাল, সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদ, আহসান হাবীব, মোশতাক আহমেদ, আসিফ মেহদীসহ অনেক জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
'এসো এসো, সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৫ তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের রোবট এলিয়েনের অজানা জগতে'- স্লোগান নিয়ে অনুষ্ঠেয় ফেস্টিভ্যালে থাকবে রোবট 'রিবো'র প্রদর্শনী, বই মেলা, এলিয়েন উৎসবসহ আরো নানা আয়োজন।
