বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে অনেক বহুজাতিক কোম্পানি ব্যবসা করছে। তারা বেশ মুনাফাও করছে। তাই বহুজাতিক কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। এতে সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবেন।
বৃহস্পতিবার রাজধানীতে পুঁজিবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৫’ শিরোনামের এই মেলা চলবে তিনদিন।
মেলায় বিভিন্ন ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, ট্রাস্টি, অডিট ফার্ম, কাস্টোডিয়ান ও পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি স্টল রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে আমি একটি বহুজাতিক কোম্পানির অনুষ্ঠানে গিয়ে তাদের এ (পুঁজিবাজারে আসার) কথা বলেছি। সম্প্রতি আরেকটি প্রোগ্রামে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপেও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে এনলিস্টেড করার বিষয়ে কথা হয়েছে।
দেশের পুঁজিবাজার এখন আগের যে কোনো সময়ের চেয়ে স্থিতিশীল দাবি করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে পুঁজিবাজারের অনেক সংষ্কার করেছে সরকার। এর ফলে বাজার এখন মোটামুটি স্থিতিশীল।একটু উত্থান-পতন হয়, পরে একটু স্বাভাবিক হয়।
পুঁজিবাজার গতিশীল হলে শিল্পখাতের স্থবিরতা কেটে যাবে এবং আবাসন খাতের মন্দা ভাবও দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
