'৭২ ঘন্টার মধ্যে ভিটামিন 'এ' বিহীন ভোজ্যতেল তুলে নিতে হবে'

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৯:১৬
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বাজার থেকে ভিটামিন 'এ' বিহীন ভোজ্যতেল তুলে নেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে  বেলা ১২টার সময় এ আদেশ দেন।
 
শিল্পমন্ত্রী এফবিসিসিআই মিলনায়তনে "ভোজ্যতেলে ভিটামিন 'এ' সমৃদ্ধকরণ আইন-২০১৩" এবং "ভোজ্যতেলে ভিটামিন 'এ' সমৃদ্ধকরণ বিধিমালা-২০১৫" র ওপর আয়োজিত অবহিতকরণ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় মন্ত্রী আরও বলেন, "ভোজ্যতেলে ভিটামিন 'এ' সমৃদ্ধকরণ একটি আন্তর্জাতিক কর্মসূচি। জাতিসংঘের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউ‡ট্রশন (গেইন) এবং ইউনিসেফের সহায়তায় বিশ্বব্যাপী দরিদ্র জনগণের পুষ্টিমান উন্নয়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।"
 
রিফাইনারি মালিকদের উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, 'ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা থাকলেও কোনো কোনো রিফাইনারি মালিক এ আইনের বিরোধিতা করে আদালতে রিট করেছিল। জনস্বার্থে আদালত এ রিট খারিজ করে দিয়েছে। এখন থেকে যারাই এ আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জাতীয় স্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ার করেন।'