বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যেই জাতিসংঘ নির্ধারিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর তিনটি লক্ষ্য অর্জন করেছে। এগুলো হল- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে লিঙ্গ বৈষম্য দূরীকরন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা।
বৃহস্পতিবার ভারতের রাজধানীতে লাইভলিহুড এশিয়া সামিট ২০১৫-তে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন। নয়াদিল্লির অ্যাকসেস ডেভেলপমেন্ট সার্ভিস (এডিএস) ওই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারতের পল্লী উন্নয়ন বিশেষজ্ঞরাও বক্তব্য রাখেন।
খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি মোকাবেলায় এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ-খাওয়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। এর পাশাপাশি বাংলাদেশ সরকার গ্রামীণ জীবনের টেকসই মানোন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার বিষয়টির উপরও জোর দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ-২০১৫ পুরস্কার পেয়েছেন দেশ থেকে দারিদ্র কমানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ-খাওয়ানোর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে।
তিনি বলেন, বর্তমান সরকারই ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ সৃষ্টি করেছে। এই ভিশনগুলোর আওতায় সরকার সৃষ্টিশীল ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এখন প্রায় পুরোপুরি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) এবং বাংলাদেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ভুমিকা রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
