বিপিও আউটসোর্সিংয়ে সম্ভাবনাময় বাংলাদেশ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২০:৫১
 
'বাংলাদেশ বিশ্বে বিপিও আউটসোর্সিংয়ে একটা বড় সম্ভাবনার জায়গা। অবকাঠামোগত সুবিধা পেলে শিগগিরই বাংলাদেশ বিপিও খাতে অন্যতম আয়ের দেশে পরিণত হবে।' বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এর বিপিও সম্মেলনের দ্বিতীয় দিনে ভার্চুয়াল প্রোপার্টি ম্যানেজার ডটকম ডট এইউ-এর পরিচালক মার্টিন কনবয় এ কথা বলেন।
 
'দেশীয় বাজারে আউটসোর্সিং কাজের সুযোগ' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্টিন। প্রবন্ধে বাংলাদেশের বিপিও খাত দেশীয় বাজারে ৮০ শতাংশ কাজ করে, অন্যদিকে বিশ্ববাজারে মাত্র ২০ শতাংশ কাজ করছে বলে উল্লেখ করেন মার্টিন। তবে দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারে কাজের পরিমাণ বাড়াতে দক্ষ লোকবল তৈরির কথাও বলেন তিনি।
 
আলোচনায় অংশ নিয়ে আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, সরকার আউটসোর্সিং কাজের জন্য দেশে জনবল তৈরিতে কাজ শুরু করেছে।
 
এ ছাড়াও আলোচনায় আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) অর্থসচিব তারভীর ইব্রাহীম অংশ নেন।