দেশে গণতন্ত্র ও মানবাধিকার নেই, আছে গুম-খুন: ফখরুল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২০:৫৫
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, মানবাধিকারও নেই। আছে কেবল গুম-খুন। এই গুম-খুনে কেউ সন্তানহারা, কেউ বাবাহারা, কেউ ভাইহারা, কেউ স্বামীহারা হচ্ছেন। গণতন্ত্র ও মানবাধিকার আদায়ে গণতন্ত্রের রীতিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন চলছে এর বিজয় হবেই।’
 
জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এ সময় সভায় নিখোঁজ বিএনপি কর্মীদের সন্তান-স্বজনদের উদ্দেশ করে ফখরুল বলেন, ছোট ছোট শিশুদের দিকে তাকানো যায় না। তারা বাবা বাবা বলে কেঁদে ওঠে। তারা যখন সামনে এসে দাঁড়িয়ে বলে ‘আমার বাবা কোথায়? বাবার সঙ্গে স্কুলে যাবো’ তখন সান্তনা দেয়ার ভাষা খুঁজে পাই না। একপর্যায়ে নিজেও অঝোরে কেঁদে ফেলেন।
 
মির্জা ফখরুল বলেন, এ কোন দেশে বাস করছি? যিনি সন্তান হারিয়েছেন, যিনি স্বামী হারিয়েছেন, যিনি বাবা অথবা ভাই হারিয়েছেন-তিনিই বোঝেন স্বজন হারানোর কী বেদনা। আজকে বাবা-সন্তান-ভাই-স্বামী হারানো প্রত্যেকের চোখে অশ্রু ঝরছে। এই অশ্রুর মূল্য অনেক। আমাদের হাজার-হাজার নেতাকর্মী গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গুম-খুন হয়েছেন। পুলিশ ধরে নিয়ে অনেককে পঙ্গু বানিয়েছে, অনেকে জেলে। দেশে শান্তি খুঁজে পাওয়া কঠিন। ক্রসফায়ারে যে কত মানুষ নিহত হয়েছে ইতোমধ্যে তা প্রকাশিত হয়েছে।
 
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এরা ডাবল স্ট্যান্ডার্ডের। একদিকে মানবাধিকারের কথা বলছে, অন্যদিকে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে সে বিষয়ে কথা বলছে না।