আজ ‘অনিল বাগচীর একদিন’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০২:৪৪

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর চলচ্চিত্রটির প্রিমিয়াম অনুষ্ঠিত হয়। এর আগে গত অক্টোবরে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় শ্রীলংকার কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। বিজয়ের মাসকে সামনে রেখে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার থিয়েটার ছাড়াও মধুমিতা, বলাকা, শ্যামলীসহ সারা দেশে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

 
 চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, ২৬ বছরের যুবক অনিল বাগচী। ছোটবেলা থেকেই ভীতু প্রকৃতির। সে কাজ করে ঢাকার একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে, থাকে মেসে। অনিলের স্কুলশিক্ষক বাবা ও একমাত্র বড়বোন অতসী থাকে রূপেশ্বর গ্রামে। মা মারা গেছেন অনিলের জন্মের সময়েই। সত্ ও আদর্শবান বাবা অনিলকে তার মতো করেই গড়ে তুলতে চান। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ অনিলের বাবা মনে করেন, কিছু কিছু সৌন্দর্য আছে যার কখনো ছবি আঁকা যায় না, কেবল হূদয় দিয়ে উপভোগ করা যায়।
 
অনিলের বড়বোন অতসী ভালোবাসে এক মুসলমান ছেলেকে, কিন্তু সেই ভালোবাসার কথা কাউকে প্রকাশ করতে পারে না। গোপনে ধারণ করে চলে হূদয়ে। এর পর শুরু হয় বাঙালি জাতির অস্তিত্বের লড়াই, ১৯৭১। লড়াইয়ে নামে বাঙালি জাতি। এমন এক পরিস্থিতির মধ্য দিয়েই এগিয়ে চলে ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের গল্প।