ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে জাতির অমূল্য সম্পদ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্মদিনে টুইটারে দেয়া এক শুভেচ্ছা বার্তায় মোদী এই কথা বলেন। খবর আইএএনএসের।
টুইটারে মোদী লিখেছেন, দীর্ঘ বছর ধরে জনসম্পৃক্ত জীবন প্রেসিডেন্ট মুখার্জিকে জাতির অমূল্য সম্পদে পরিণত করেছে। তার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সমতুল্য খুব কম জনই রয়েছেন। আমি আমার অন্তরের গভীর থেকে প্রিয় প্রেসিডেন্টের প্রতি শুভ কামনা জানাচ্ছি। আমি তার দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।
টুইটারে ধারাবাহিক অপর এক বার্তায় মোদী লিখেছেন, 'রাজনৈতিক আঙ্গিনায় বন্ধু এবং শুভানুধ্যায়ীদের মধ্যে প্রণবদা সব সময়ই একজন শ্রদ্ধাভাজন নেতা।'
১৯৩৫ সালের ১১ ডিসেম্বর প্রণব মুখার্জি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কামদাকিঙ্কর মুখার্জি ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী। কামদাকিঙ্কর ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট একজন যোদ্ধা। ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রণব মুখার্জি ছিলেন ভারতের অর্থমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় একজন নেতা।
