চীনের বেইজিং শহরে বিপজ্জনক মাত্রার পরিবেশ দূষণ কমিয়ে আনতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দেশটিকে ৩০ কোটি ডলার ঋণ দিবে। এডিবি জানায়, বেইজিংয়ে বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে তা জনস্বাস্থ্য ও টেকসই উন্নয়নের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এই ঋণের টাকা মূলত বেইজিং শহর তার পার্শ্ববর্তী হেবি ও তিয়ানজিন শহরে কয়লার ব্যবহার কমাতে ব্যয় হবে।
এই এলাকায় প্রায় ১০ কোটি মানুষ বসবাস করে। মোট জাতীয় উত্পাদনের শতকরা ১০ ভাগ আসে এই এলাকা থেকে। বায়ু দূষণ কমাতে পারলে তা জনস্বাস্থ্য ও অর্থনীতি উভয়ের জন্যই লাভজনক হবে।
গত সপ্তাহে বেইজিংয়ে পরিবেশ দূষণের ব্যাপারে ‘রেড অ্যালার্ট’ জারি করে চীন। বেইজিং এর স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। খোলা জায়গায় নির্মাণ কাজ এবং কিছু কারখানা বন্ধ করে দেয়া হয়। গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কয়লাভিত্তিক শিল্প-কারখানা, গাড়ি, শীতে বাড়ি-ঘর গরম রাখার ব্যবস্থার কারণে যে বিপুল ধোঁয়া সৃষ্টি হয় তার সাথে নির্মাণ কাজের ফলে সৃষ্ট ধুলাবালি মিলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বেইজিংয়ে।
চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বায়ু দূষণ পর্যবেক্ষণকারী দল জানায়, চীন যখন রেড অ্যালার্ট জারি করে তখন সেখানে প্রতি ঘনমিটার বাতাসে ২৯১ মাইক্রোগ্রাম ভাসমান কণা ছিল। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ঘনমিটার বাতাসে সর্বোচ্চ ভাসমান কণা থাকতে পারে ২৫ মাইক্রোগ্রাম। চীন জ্বালানির বিভিন্ন উৎসের জন্য বিপুল ব্যয় করলেও এখনও দেশটির মোট জ্বালানির ৬০ ভাগ পূরণ করছে কয়লা। সূত্র: বিবিসি
