ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও গুজরাটের আহমেদাবাদের মধ্যে দেশটির প্রথম বুলেট ট্রেন চালু হচ্ছে। ভবিষ্যতে রাজধানী নয়া দিল্লি পর্যন্ত এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই ট্রেন তৈরিতে কে এগিয়ে আসবে তা নিয়ে এতদিন ঠান্ডা লড়াই চলছিল চীন ও জাপানের মধ্যে। অবশেষে জাপানই ভারতকে এই ট্রেন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিতে যাচ্ছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ৯৮ হাজার কোটি রুপির এই প্রকল্পের অনুমোদন দেয়। জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুক্রবার তিন দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। তার মুখ থেকে এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রতিযোগিতায় চীন পিছিয়ে পড়ার কারণ হিসাবে ধরা হচ্ছে তাদের নিম্নমানের যন্ত্রপাতি সস্তায় সরবরাহ করার প্রবণতা। অন্যদিকে জাপানের বুলেট ট্রেন চালানোর জন্য ব্যবহৃত ‘শিনকানসেন প্রযুক্তি’ সব থেকে নিরাপদ ও সময়োপযোগী বলে দাবি করেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়ার নেতৃত্বাধীন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি। আগামী বছরেই হাইস্পিড ট্রেনের যন্ত্রাংশ নির্মাণের কাজ শুরু হবে।
