রুয়ান্ডা গণহত্যার আরেক অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৮:১৭
 
রুয়ান্ডায় গণহত্যায় জড়িত শেষ সন্দেহভাজনদের একজনকে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘের বরাতে বিবিসি বলছে, দেশটির প্রতিবেশী ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ৫৩ বছর বয়সী লেডিসলাস টিগানসোয়াকে গ্রেফতার করা হয়েছে।
 
টিগানসোয়ার বিরুদ্ধে গণহারে ধর্ষণ ও হাজার হাজার মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র টিগানসোয়াকে ধরিয়ে দেয়ার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তাকে ওই গণহত্যায় অন্যতম প্রধান উস্কানিদাতা ও সংগঠক বলে মনে করে যুক্তরাষ্ট্র।
 
টিগানসোয়া এবং তার আইনজীবী এসব অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ১৯৯৪ সালে ওই গণহত্যার ঘটনায় প্রায় ৮ লাখ মানুষ নিহত হয়। টিগানসোয়া ৯ সন্দেহভাজনের মধ্যে অন্যতম। রুয়ান্ডার সংখ্যাগরিষ্ঠ হুতু সম্প্রদায়ের মিলিশিয়া বাহিনী তুতসি ও উদার হুতুদের নির্বিচারে হত্যা করে।
 
রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটিআর) আইন কর্মকর্তা হাসান বুবাকার জাল্লো বলেছেন, টিগানসোয়া ছিলেন ‘একজন বড় হোতা’। আইসিটিআর জানিয়েছে, ১৯৯৪ সালের ১৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে ২০ হাজারেরও বেশি তুতসি সম্প্রদায়ের মানুষ হত্যায় টিগানসোয়া জড়িত ছিলেন।