ধীরে ভোট দেওয়ার আহ্বান ছাত্রলীগের

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:৫৬

ছাত্রলীগ ভোটারদের সময়ক্ষেপণের জন্য প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এসএম হলের এক শিক্ষার্থী অভিযোগ করেন, লাইন কোনোভাবেই ছোট হচ্ছে না। এতে নতুন ভোটার আসলেও ভোট দিতে পারছেন না। এ অবস্থায় ছাত্রলীগ নেতা বলছেন- ‘প্রচুর সময় আছে। ধীরে ধীরে সময় নিয়ে ভোট দিন’।

 

সোমবার সকাল ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই বেগম রোকেয়া হলের তিনটি ব্যালট বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নয়টা বুথের মধ্যে ছয়টাতে চলছে ভোটগ্রহণ। এসব অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও হল প্রভোস্ট কোনো কথা বলতে রাজি হননি।

আরো পড়ুন : কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট উদ্ধার, ভোট স্থগিত

এদিকে কুয়েত মৈত্রী হল থেকে সিল মারা বস্তা ভর্তি ব্যালট উদ্ধার হয়েছে। ওই হলের শিক্ষার্থীরা হল থেকে ব্যালটে ক্রস চিহ্ন দেয়া ব্যালট উদ্ধার করে। পরে তারা সেগুলো গণমাধ্যমের সামনে হাজির করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/ইউবি