দিল্লিতে আর ডিজেলচালিত গাড়ির রেজিস্ট্রেশন দেয়া হবে না

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২০:৫৭
 
বায়ু দূষণে জর্জরিত ভারতের রাজধানী নয়া দিল্লিতে নতুন করে আর কোনো ডিজেলচালিত গাড়ি নিবন্ধ না দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। দূষণপিড়ীত দিল্লির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে শহরটিতে জোড় ও বিজোড় নম্বরের গাড়ি আলাদা আলাদা দিনে চালানোর বিধান করা হয়েছিল।
 
ট্রাইব্যুনালটি আরো বলেছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারকেও দিল্লিতে অবশ্যই ডিজেলচালিত যানবাহন ক্রয় করা বন্ধ করতে হবে। আগামী বছর জানুয়ারি মাসের ৬ তারিখে এ নিয়ে আবারো শুনানির দিন ধার্য করেছে গ্রিন ট্রাইব্যুনাল। এর আগে গত এপ্রিলে ১০ বছরের বেশি পুরনো ডিজেল চালিত যান নিষিদ্ধ করা হয়েছিল দিল্লিতে। তখন দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত হিসেবেও বিবেচনা করা হতো। সূত্র: এনডিটিভি