ভারতের স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২২:০৯

তিন দিনের ভারত সফররত বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ভারতের স্থানীয় সরকার মন্ত্রী চৌধুরি বীরেন্দর সিংহের সঙ্গে সাক্ষাত করেছেন শুক্রবার।


সাক্ষাতকালে দুই মন্ত্রী পল্লী অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নিজেদের অভিজ্ঞতার বিনিময় করেন। এসময় বাংলাদেশের মন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা জাল, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও কৃষিখাতে উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন অর্জন সম্পর্কে ভারতীয় মন্ত্রীর কাছে বিবরন তুলে ধরেন।


ভারতীয় মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে বিশেষকরে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প, কমিউনিটি ভিত্তিক ক্লিনিক এবং গ্রামাঞ্চলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানতে চান ভারতীয় মন্ত্রী।


এর আগে বৃহস্পতিবার নয়া দিল্লিতে লাইভলিহুডস এশিয়া সামিট-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ। এবারের সম্মেলনে বাংলাদেশকে আলোচনার কেন্দ্রে রাখা হয়েছে। সাম্প্রতিককালে উন্নয়ন লক্ষমাত্রাসমূহ অর্জনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশকে এই সম্মাননা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশের মন্ত্রী প্রধানত গত ৭ বছরে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে এমডিজি লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে বাংলাদেশ সরকারের সাফল্যের চিত্র তুলে ধরেন।


এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০১২ সালের মধ্যেই বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে।


দুই দিনের ওই অনুষ্ঠানে মানব সম্পদের দক্ষতা উন্নয়নে নবায়নযোগ্য সমাধান খুঁজে বের করা, অন্তর্ভুক্তিমূলক ব্যবসায় মডেল ও নীতি উদ্ভাবন এবং দারিদ্র দূরীকরনে ব্যাক্তিগত ও সরকারি উদ্যোগের অংশীদারিত্ব স্থাপন বিষয়ক আলোচনা হয়। নীতি নির্ধারক, আইনজীবি, প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার এবং ব্যাক্তিমালিকানাধীন কোম্পানির প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।