প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে অশোভন আচরণের দায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টেগারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের নিউজিল্যান্ডের ডিফেন্ডার উইন্সটন রিডের সাথে খারাপ ব্যবহার করায় জার্মান অধিনায়ককে এই শাস্তি দেয়া হয়েছে।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটির প্রথমার্ধে একটি ফ্রি-কিকের সময় শোয়াইনস্টেগার বাম কনুই দিয়ে রিডকে আঘাত করার ঘটনাটি টেলিভিশন রিপ্লেতে ধরা পড়ে। যদিও ঘটনাটি রেফারী ও লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। কিন্তু রেফারী প্যানেল ভিডিও ফুটেজ দেখে শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়। তাদের মতে এই ঘটনায় শোয়াইনস্টেগার লাল কার্ড পাবার যোগ্য।
এই নিষেধাজ্ঞার কারনে শোয়াইনস্টেগার প্রিমিয়ার লিগে বোর্নমাউথ, নরউইচ সিটি ও স্টোক সিটির বিপক্ষে খেলতে পারবেন না।
