ইউরো ২০১৬’র প্রাইজমানি বাড়ালো উয়েফা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৭:৩২
আগামী বছর ফ্রান্স আয়োজন করছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। প্রথমবারের মত ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর।
 
শনিবার ইউরো ২০১৬’র ড্র অনুষ্ঠিত হবে। তার আগেই উয়েফা প্রতিযোগিতার প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দেয়। ২০১২ সালে পোল্যান্ড-ইউক্রেন যৌথভাবে আয়োজন করে ১৬ দলের ইউরো চ্যাম্পিয়নশিপ। সেবার প্রাইজমানি ছিল ১৯৬ মিলিয়ন ইউরো। কিন্তু ফ্রান্সের আসরে তা বাড়িয়ে ৩০১ মিলিয়ন ইউরো (২১৭.৫ মিলিয়ন পাউন্ড, ৩৩১ মিলিয়ন মার্কিন ডলার) করা হয়েছে।
 
এর মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেয়া হবে আট মিলিয়ন ইউরো। প্রতিটি ম্যাচে জয়ের জন্য পারফরমেন্স বোনাস হিসেবে রয়েছে অতিরিক্ত এক মিলিয়ন ইউরো, গ্রুপ পর্বে প্রতিটি ড্রয়ের জন্য বরাদ্দ রয়েছে ৫ লক্ষ ইউরো। নক আউট পর্বে পৌঁছানোর জন্য প্রতিটি দল পাবে দেড় মিলিয়ন ইউরো, কোয়ার্টার ফাইনালের জন্য আড়াই মিলিয়ন ইউরো, আর সেমিফাইনালে পৌঁছাতে পারলে অতিরিক্ত চার মিলিয়ন ইউরো।
 
১০ জুলাই স্তাদে দি ফ্রান্সে অনুষ্ঠিতব্য ফাইনালে বিজয়ী দল পাবে আট মিলিয়ন ইউরো ও রানার্স-আপ দল পাবে পাঁচ মিলিয়ন ইউরো। উয়েফা'র এক বিবৃতিতে বলা হয়েছে, শিরোপা বিজয়ী দল যদি গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জয়ী হয় তবে সব মিলিয়ে তারা ২৭ মিলিয়ন ইউরো আয় করবে যা ২০১২ সালে ছিল ২৩.৫ মিলিয়ন ইউরো। এএফপি।