বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাটের শরণখোলা শাখার শুরাসদস্য অধ্যাপক মো. শামীম হাসান (মিঠু) জামায়াতের রাজনীতি বর্জন করেছেন। শুক্রবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি তার সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।
শামীম হাসান তার লিখত বক্তব্যে বলেন, 'জামায়াতে ইসলামী একটি যুদ্ধাপরধীর দল। আমি শরণখোলা ডিগ্রি কলেজে একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। সরকারের একজন বেসরকারি কর্মচারী হয়ে এবং সরকারের সবার সুযোগ-সুবিধা ভোগ করে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকাটা নৈতিকতার পরিপন্থি বলে মনে করি। আমার পরিবারের মধ্যে আর কোনো ব্যক্তি এই দেশ বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। আমি নামমাত্র সদস্য থাকলেও দীর্ঘদিন দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পারিবারিক সিদ্ধান্ত এবং আমার উপলব্ধি থেকে এই দলের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করলাম। এখন থেকে পরিবার, দেশ ও জাতির সেবা করাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।'
উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা ওবায়দুল হক এ ব্যাপারে বলেন, 'রাজনীতি ব্যক্তিগত বিষয়। কেউ যদি দল করতে না চায় তাহলে তো এখানে জোর করার কিছু নেই।'
