সংলাপের প্রয়োজন নেই : নাজমুল হুদা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৫:০৪
সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, 'দুই নেত্রীর মধ্যে সংলাপের কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী একাই দিতে পারেন দেশের সব সমস্যার সমাধান। আপনি একক সিদ্ধান্ত দিবেন, আপনিই একক কৃতিত্ব নিবেন। এই কৃতিত্ব নেয়ার মতো দ্বিতীয় কোনো যোগ্য ব্যক্তি নেই।' শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় সন্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
 
তিনি বলেন, 'এক সময় আমিই বলেছি, দেশের সমস্যা সমাধানে ও সংকট নিরসনে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসতে হবে। বার বার বলেছি, আলোচনার কোনো বিকল্প নেই। সংলাপই একমাত্র সমাধান। কিন্তু আজ বলছি, বাংলাদেশের সমস্ত ক্ষমতার আধার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি এদেশকে দিতে পারেন সঠিক দিক নির্দেশনা। আপনিই পারবেন স্বৈর শ্বাসনের বেড়াজাল ছিন্ন করে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে জনগনের ক্ষমতা জনগনের হাতে ফিরে দিতে।'
 
সন্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, হাইকোর্টের বিচারপতি একে এম আসাদুজ্জামান, অ্যাডভোকেট সিগমা হুদা, শিরিন শেখ মঈনুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।