বুলেট ট্রেন-পারমাণবিক চুক্তিতে সম্মত ভারত ও জাপান

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৪

ভারত ও জাপান দ্রুত গতির রেল, প্রতিরক্ষা প্রযুক্তি ও বেসামরিক পারমাণবিক সহযোগিতাসহ বেশ কয়েকটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে।


নয়াদিল্লীতে শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মুম্বাই ও আহমেদাবাদ নগরীর মধ্যে রেল যাত্রায় সময় বাঁচাতে জাপানের অর্থায়নে ভারতের প্রথম বুলেট ট্রেন নির্মাণের ব্যাপারে তারা একমত হয়েছেন।


তিনি বলেন, এই উদ্যোগ ভারতের রেল খাতে বিপ্লবের সূচনা করবে এবং আগামীতে ভারতের অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে। এছাড়া ভারতের ট্রেনের উন্নয়নে ও সহযোগিতার জন্য টোকিও আরো এক হাজার ২শ কোটি ডলার দেবে।


তিনি বলেন, ‘এটা ভারতের অর্থনৈতিক পরিবর্তনের চালিকা শক্তিতে পরিণত হবে’। মোদি বলেন, ‘শুধু বুলেট ট্রেন নয়, দেশের দরকার দ্রুত গতির উন্নয়ন’।


উভয় নেতা পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে একটি সমঝোতা স্মারকের ব্যাপারেও একমত হয়েছেন। এর কারিগরি দিক চূড়ান্ত করার পর এটি স্বাক্ষরিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান।


জাপান এক সময় ভারতের সঙ্গে পারমাণবিক সহযোগিতার ব্যাপারটি এড়িয়ে চলতো। তবে বিশেষজ্ঞরা বলছেন, টোকিও এখন তাদের অবস্থান কিছুটা বদল করেছে। ভারত আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।


উভয় দেশ আগামীতে জাপানে নির্মিত ইউএস-২ অ্যামফিবিয়ান বিমানসহ প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় বিষয়ক বিভিন্ন প্রকল্প হাতে নেয়ার ব্যাপারেও সম্মত হয়েছে।
মোদি বলেন, ভারত আগামী বছর থেকে জাপানি নাগরিকদের জন্য অন-অ্যরাইভাল ভিসা দেওয়া শুরু করবে।


শিনজো আবে তার বক্তব্যে বলেন, ‘শক্তিশালী ভারত জাপানের জন্য লাভজনক। পাল্টা জাপানের অর্থনীতি শক্তিশালী হলেও ভারতের লাভ’।


মোদির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘মোদির আর্থিক সংস্কার নীতি বুলেট ট্রেনের মতই গতিশীল ও নিরাপদ’। বাসস