জট খুলতে সাহায্য করবে পৌর নির্বাচন: সুরঞ্জিত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৭:০৪
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য  সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশে গণতান্ত্রিক আচরণে যে জট লেগেছে, তা খুলতে সাহায্য করবে পৌর নির্বাচন।’
 
শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটা এমন একটা নির্বাচন সেখানে আগে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ। নির্বাচনে হারলে বিএনপি বলবে সরকারের কোনো জনপ্রিয়তা নেই, তাই জাতীয় নির্বাচন দিন। আবার জিতলে বলবে সরকার কারচুপি করেছে।’
 

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে জন্য কঠিনভাবে নিরপেক্ষ থাকতে হবে। ছোট মাঝারি মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি না মানলে আইনের বাস্তবায়ন আপনাকেই (ইসি) করতে হবে। রির্টানিং অফিসারের কাছে পাঠান কেন?’