পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আধাসামরিক বাহিনীর একটি চৌকিতে বোমা বিষ্ফোরণে কমপক্ষে এক সৈন্য নিহত এবং এক পথচারীসহ অপর চার আহত হয়েছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াহিদ খাট্টক এএফপিকে জানিয়েছেন, শনিবার সকালে ফ্রন্টিয়ার কোরস (এফসি) সৈন্যরা বেলুচিস্তান প্রদেশের তেল ও গ্যাস সমৃদ্ধ প্রধান শহর প্রতিদিনের দায়িত্ব পালনের জন্য চৌকিতে পৌঁছলে সেখানে আগে থেকে পুঁতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়।
তিনি জানান, এটি ছিল একটি হাতে বানানো বোমা। সৈন্যরা চৌকিতে পৌঁছার পরপরই বোমাটি বিস্ফোরিত হয়। তিনি আরো জানান, বিষ্ফোরণে এক সৈন্য নিহত ও এক পথচারী কিশোরসহ অপর চার আহত হয়েছে। খাট্টক জানান, আহত অপর এক সৈন্যের অবস্থা আশংকাজনক।
এফসি’র জ্যেষ্ঠ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ হামলার ঘটনা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
দেশটির গোলযোগপূর্ণ এলাকাগুলোতে আইন-শৃঙ্খখলা বজায় রাখা ও সেনা চৌকিগুলোর নিরাপত্তায় পুলিশকে সহযোগিতা করার লক্ষ্যে প্রায় কয়েক হাজার আধাসামরিক সৈন্য মোতায়েন রয়েছে।
কোনো বিশেষ গোষ্ঠী এখনো পর্যন্ত সর্বশেষ এই হামলাটির দায়িত্ব স্বীকার করেনি। তবে বেলুচিস্তান প্রদেশে সংখ্যাগরিষ্ঠ বিচ্ছিন্নতাবাদীরা স্বায়ত্বশাসনের দাবিতে বেশ কয়েক বছর ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। প্রদেশে বিচ্ছিন্নভাবে জঙ্গিবাদ ও উগ্র ইসলামপন্থীদের সন্ত্রাস চলছে। বাসস
