পদ্মা সেতুর মূল কাজ উদ্বোধন শেষে ঢাকা ফেরার পথে সেতু ও ফ্লাইওভারে গাড়ি থামিয়ে টোল পরিশোধ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইন অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী হিসেবে সরকারি গাড়ি নিয়ে চলাফেরায় টোল দেওয়ার প্রয়োজন নেই। তারপরও প্রধানমন্ত্রী ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভারের টোল পরিশোধ করেন বলে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানিয়েছেন।
দুই জায়গাতেই প্রধানমন্ত্রীর গাড়ি টোল দেওয়ার জন্য থামে। গাড়ি থামার পর প্রধানমন্ত্রী টাকা দিলে তার পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন টোল পরিশোধ করেন।
IMG0
মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম বলেন, ‘প্রধানমন্ত্রী ৩ হাজার টাকা টোল দিয়েছেন। এটি অবিস্মরণীয় ঘটনা।’
এর আগে শনিবার সকালে হেলিকপ্টারে চড়ে জাজিরায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদীশাসন এবং পরে মাওয়ায় সেতুর মূল কাজের উদ্বোধন করেন। বিকালে সড়কপথে মাওয়া থেকে গণভবনে পৌঁছান শেখ হাসিনা।
