আইনের শাসনের অভাবেই গণপিটুনির মতো ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
শনিবার সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, অপরাধপ্রবণতা মানুষের মধ্যে একদিনে গড়ে ওঠেনি। আমরা আইনের শাসন ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারলে এ ধরনের ঘটনা আর ঘটত না।
মানবাধিকার কমিশন প্রধান বলেন, দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়। আর এই ক্ষোভ থেকেই তাৎক্ষণিকভাবে বিচার নিজের হাতে তুলে নিয়ে এধরনের কর্মকাণ্ড করে ।
সাভারের খাগান এলাকায় ব্র্যাক সেন্টার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মিলনায়তনে আইন ও শালিস কেন্দ্রের জেন্ডার অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইউনিট আয়োজিত তিন দিনের মানবাধিকার সম্মেলনের শনিবার ছিল দ্বিতীয় দিন।
সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালসহ বিভিন্ন পর্যায়ের বিচারকেরা উপস্থিত ছিলেন।
