শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে পৌর নির্বাচন, দলের সাংগঠনিক পুনর্গঠন এবং সম্ভাব্য কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে আসন্ন পৌরসভা নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতারা তৃণমূল পর্যায়ে যাবেন বলে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের অবস্থা, বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেলের জন্য সদস্যদের নামের তালিকাসহ প্রচারণার কৌশল নিয়ে আলোচনা হয়।
সূত্র অনুযায়ী, বৈঠকের আলোচনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈঠকের সিদ্ধান্তগুলো পরে জানানো হবে।
বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, খন্দকার মাহবুব হোসেন, আবদুস সাত্তার, আবদুল মান্নান, মীর নাসির, ইনাম আহমেদ চৌধুরী, হারুন আল রশীদ, অধ্যাপক মাজেদুল ইসলাম, শামসুজ্জামান দুদু, আবদুল হালিম, এজেডএম জাহিদ হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নাল আবেদিন, আহমেদ আজম খান, হায়দার আলী ও জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
যুগ্ম মহাসচিবদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মশিউর রহমান, আসাদুল হাবিব দুলু, গোলাম আকবর খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, আসলাম চৌধুরী বৈঠকে ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেছেন খালেদা জিয়া।
