সিরিয়ার হমস শহরে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর ও আসাদ বিরোধী আন্দোলনের সূতিকাগার এই শহর থেকে গত বৃহস্পতিবার বিদ্রোহীরা সমঝোতার ভিত্তিতে শহর ছেড়ে যাওয়ার ঘোষণার এক দিন পরেই এই ঘটনা ঘটেছে।
শনিবারের এই হামলায় ১৬ জন নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। ইসলামিক স্টেট এক বিবৃতিতে জানিয়েছে , আবু আহমেদ আল হামসি নামের এক ইসলামিক স্টেট আত্মঘাতী বোমা হামলাকারী শিয়াদের উপর গাড়িবোমা নিয়ে ঝাপিয়ে পড়ে। তারা বিবৃতিতে জানিয়েছে, জোড়া হামলায় ২৫ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। অবশ্য সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে।
শনিবার হমস এর আল জাহরা হাসপাতালের সামনে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস।
তবে এই হামলা সিরীয় জনগণকে আশাহত করবে না বলে জানিয়েছেন, সিরীয় প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হাকিকি। জাতিসংঘের উদ্যোগে নেয়া অস্ত্র বিরতি চুক্তিতে ৭০০ বিদ্রোহী ও তাদের পরিবারের সদস্য হমস শহর ছেড়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে চলে যাচ্ছে। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধাদেরও ছেড়ে যেতে বলা হয়েছে তবে অস্ত্রবিরতি মেনে নেয়া বিদ্রোহীরা হমসেই থাকবে। বিবিসি।
